সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় হজ, উমরাহ ও জিয়ারতে ইসলামি সচেতনতা বিষয়ক সাধারণ সচিবালয়ের মাধ্যমে ১৪৪৮ হিজরির উমরাহ মৌসুমের প্রথম প্রান্তিকে ১০০,০০০-এর বেশি শরয়ি প্রশ্নের উত্তর দিয়েছে। টোল-ফ্রি ফোনের স্বয়ংক্রিয় উত্তর সেবার মাধ্যমে এসব উত্তর দেওয়া হয়।
টোল-ফ্রি নম্বর ৮০০২৪৫১০০০-এ ১৫টি ভাষায় স্বয়ংক্রিয় উত্তর পাওয়া যায়, যার মধ্যে রয়েছে আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ইন্দোনেশীয়, ফিলিপিনো, হাউসা, বাংলা ও হিন্দি। উমরাহর বিধান ও আচার-অনুষ্ঠান সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয় এই সেবা, যাতে বিভিন্ন দেশের উমরাহযাত্রীরা সঠিক জ্ঞান নিয়ে ইবাদত পালন করতে পারেন।
রমজান ও হজের ব্যস্ত মৌসুমে মন্ত্রণালয় দাঈদের সঙ্গে সরাসরি ফোন ও ভিডিও কলে যোগাযোগের সুবিধাও দেয়।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তির মাধ্যমে আল্লাহর মেহমানদের কাছে নির্ভরযোগ্য শরয়ি তথ্য পৌঁছে দেওয়া, কুরআন ও সুন্নাহর আলোকে আচার-অনুষ্ঠান ব্যাখ্যা করা এবং ইসলামের সহজতা, সহনশীলতা ও মধ্যপন্থা তুলে ধরার প্রচেষ্টার অংশ এই সেবা। দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সেবায় সৌদি নেতৃত্বের নির্দেশনার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ।
