সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় হজ, উমরাহ ও জিয়ারতে ইসলামি সচেতনতাবিষয়ক সাধারণ সচিবালয়ের মাধ্যমে আরাফাত ময়দানের জাবালে রহমতে আগত দর্শনার্থীদের সেবায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৪৪৮ হিজরির উমরাহ মৌসুমে মক্কায় উমরাহ পালনকারী ও দর্শনার্থীদের আগমন অব্যাহত থাকার মধ্যেই এই উদ্যোগ চলছে।

জাবালে রহমত ও মসজিদে নামিরার আশপাশে ইসলামি সচেতনতা বুথ ও প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে মাঠপর্যায়ে সেবা দিচ্ছে মন্ত্রণালয়। এতে অংশ নিচ্ছেন একদল যোগ্য দাঈ ও অনুবাদক, যাঁরা দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং একাধিক ভাষায় ধর্মীয় দিকনির্দেশনা দেন।

পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় সচেতনতামূলক পুস্তিকা বিতরণ করা হচ্ছে, যাতে নানা জাতীয়তার দর্শনার্থীদের কাছে বার্তাগুলো সহজ ও স্পষ্টভাবে পৌঁছায়।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রচেষ্টা আল্লাহর মেহমানদের সেবা, নির্ভরযোগ্য ধর্মীয় জ্ঞানের প্রসার এবং মধ্যপন্থা ও ভারসাম্যের নীতি জোরদারের লক্ষ্যে তাদের মিশনেরই ধারাবাহিকতা। এটি দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের প্রতি সৌদি আরবের যত্নের প্রতিফলন এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী তাঁদের উমরাহর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ভূমিকা রাখে।

বিভিন্ন দেশ থেকে আসা উমরাহযাত্রীরা আরাফাত সফরের সময় একাধিক ভাষায় এই দিকনির্দেশনা সেবা নিতে পারবেন।