খাদেমুল হারামাইন শরিফাইনের উমরাহ ও জিয়ারত কর্মসূচির ১৪৪৮ হিজরির চতুর্থ ও শেষ দলের অতিথিরা মদিনায় পৌঁছাতে শুরু করেছেন। প্রথম পৌঁছানো দলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, নেপাল, আজারবাইজান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুরস্ক, জর্জিয়া, কাজাখস্তান ও মালদ্বীপের নারী-পুরুষ উমরাহযাত্রীরা রয়েছেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় তাঁদের স্বাগত জানায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অতিথিরা যাতে সহজে ইবাদত ও জিয়ারতের কর্মসূচি সম্পন্ন করতে পারেন, সে জন্য সব ধরনের সেবা ও সুবিধা নিশ্চিত করা হবে। অতিথিরা মসজিদে নববী এবং বেশ কয়েকটি ইসলামি ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের পর উমরাহ পালনের জন্য মক্কায় যাবেন।

চতুর্থ দলে ২১টি দেশের ২৫০ জন উমরাহযাত্রী রয়েছেন। দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া, রাশিয়া, ভুটান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ ও ফিজি।

এই দলের মাধ্যমে চলতি বছর কর্মসূচির মোট অতিথির সংখ্যা দাঁড়াচ্ছে ৬৫টি দেশের ১০০০ জন। খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নিজ খরচে তাঁদের আতিথেয়তার অনুমোদন দিয়েছেন।

কর্মসূচি বাস্তবায়ন করছে মন্ত্রণালয়, যার তত্ত্বাবধানে রয়েছেন ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনামন্ত্রী এবং কর্মসূচির সাধারণ তত্ত্বাবধায়ক শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শায়খ। তিনি অতিথিদের আগমন থেকে প্রস্থান পর্যন্ত দেওয়া সেবা তদারকি করছেন।