চীনা বিজ্ঞানীরা এমন একটি মরু উদ্ভিদ শনাক্ত করেছেন, যাকে কঠোর জলবায়ু ও পরিবেশগত অবস্থা সহ্য করার ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম বলে মনে করা হচ্ছে। তীব্র খরা, শক্তিশালী বিকিরণ, প্রচণ্ড ঠান্ডা এবং মঙ্গল গ্রহের মতো মহাকাশ পরিবেশেও এটি টিকে থাকতে পারে, যেখানে বেশিরভাগ উদ্ভিদ মারা যায়।
উদ্ভিদটি 'সিনট্রিকিয়া ক্যানিনারভিস' নামের এক ধরনের মস। গবেষকেরা এটি উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গুরবানতুংগুত মরুভূমিতে খুঁজে পান। তাঁদের মতে, এখন পর্যন্ত আবিষ্কৃত মরু উদ্ভিদের মধ্যে এটিই সবচেয়ে সহনশীল।
এর অসাধারণ সহনশীলতার সর্বশেষ প্রমাণ মিলেছে মহাকাশে। গত মার্চে এই মসের একটি শুকনো নমুনা চীনের একটি পরীক্ষামূলক মালবাহী মহাকাশযানে করে কক্ষপথে পাঠানো হয়, সেখানে এটিকে পুনরুজ্জীবিত করার পরীক্ষা চালাতে। ক্ষুদ্র মাধ্যাকর্ষণ ও মহাজাগতিক বিকিরণের মধ্যে একটি নিয়ন্ত্রিত সেচব্যবস্থা খুব সামান্য পানি দিলেও মসটি সজীব হয়ে ওঠে এবং এর রং গাঢ় ধূসর থেকে হলদেটে সবুজে বদলে যায়।
চীনা বিজ্ঞান একাডেমির শিনজিয়াং ইনস্টিটিউট অব ইকোলজি অ্যান্ড জিওগ্রাফির এক গবেষক জানান, এই প্রথম একটি পূর্ণাঙ্গ উদ্ভিদকে নিম্ন পৃথিবী কক্ষপথে পাঠিয়ে সফলভাবে পুনরুজ্জীবিত করা হলো। তাঁর ভাষায়, কক্ষপথে ধারাবাহিক পর্যবেক্ষণে দেখা গেছে মসটি আবার বাড়তে শুরু করেছে, ফলে গভীর মহাকাশে জীববিজ্ঞান গবেষণার জন্য এটি আদর্শ উপাদান।
ওই গবেষক ২০২৪ সালে এই মস নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছিলেন, যেখানে একে 'পৃথিবীর বাইরের পরিবেশে বসতি স্থাপনের' পথিকৃৎ উদ্ভিদ বলা হয়। গবেষকেরা দেখেছেন, এটি কোষের ৯৮ শতাংশের বেশি পানি হারিয়েও টিকে থাকে, মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াসে দ্রুত হিমায়িত হওয়ার পরও বেঁচে থাকে এবং শক্তিশালী গামা রশ্মি প্রতিরোধ করতে পারে।
