মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গল গ্রহের ভোরের একটি ছবি প্রকাশ করেছে, যা তুলেছে কিউরিওসিটি রোভার। লাল গ্রহের পৃষ্ঠে রোভারটি তার অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে, সূর্যের আলো এমন উঁচু শিলা কাঠামোকে আলোকিত করছে, যেগুলো শত শত কোটি বছর আগে গঠিত হয়েছিল। সূর্যোদয়ের প্রায় এক ঘণ্টা পর ছবিটি তোলা হয় এমন এক এলাকার ওপর, যেখানকার পাথুরে ঢাল দীর্ঘ যুগ ধরে বাতাস ও আবহাওয়ার প্রভাবে ক্ষয়ে গড়ে উঠেছে।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী অশ্বিন ভাসাভাদা জানান, দিগন্তে দৃশ্যমান কাঠামোগুলো এমন এক ভূতাত্ত্বিক স্তরের অংশ, যা রোভারের এ পর্যন্ত অনুসন্ধান করা স্তরগুলোর থেকে আলাদা। তাঁর ধারণা, এগুলো বাতাসে বয়ে আসা পলি থেকে তৈরি হয়ে পরে ক্ষয়ের ফলে ‘ইয়ারদাং’ নামে পরিচিত সারিবদ্ধ টিলায় রূপ নিয়েছে।

বিজ্ঞানীদের অনুমান, স্তরটি প্রায় তিনশ কোটি বছর আগে গঠিত হয় এবং মঙ্গলের গেল খাদের কেন্দ্রে অবস্থিত মাউন্ট শার্পের উত্তর-পশ্চিম প্রান্ত বরাবর প্রায় ১৬ কিলোমিটার বিস্তৃত।

কিউরিওসিটি ২০১২ সালে গেল খাদে অবতরণ করে এবং ২০১৪ সাল থেকে মাউন্ট শার্পে আরোহণ করছে; এ পর্যন্ত এটি এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। নাসা আশা করছে, ২০২৭ ও ২০২৮ সালে রোভারটি ‘ইয়ারদাং’ স্তরে পৌঁছে এর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করবে, যা মঙ্গলের ইতিহাস এবং অতীতে অণুজীবের অস্তিত্বের সম্ভাব্য অনুকূল পরিবেশ সম্পর্কে ধারণা আরও গভীর করবে।