ন্যাশনাল ডিজিটাল টুইন প্ল্যাটফর্ম প্রকল্পের জন্য আন্তর্জাতিক স্মার্ট সিটি প্রতিযোগিতা IEEE Smart Cities Award 2026-এ 'উন্নত অর্থনীতির বিদ্যমান শহর' বিভাগে প্রথম স্থান পেয়েছে সৌদি আরবের পৌর ও আবাসন মন্ত্রণালয়। নগর পরিকল্পনা ও নাগরিক জীবনসংশ্লিষ্ট সিদ্ধান্তে উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতি এটি।
স্মার্ট সিটি ও নগর ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে অন্যতম শীর্ষ আন্তর্জাতিক এই পুরস্কার প্রতিবছর বিশ্বের বৃহত্তম অলাভজনক কারিগরি পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (IEEE)-এর স্মার্ট সিটি উদ্যোগের আওতায় দেওয়া হয়।
প্ল্যাটফর্মটি মক্কা, মদিনা, জেদ্দা ও দাম্মাম শহরকে অন্তর্ভুক্ত করেছে। এটি তথ্য ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শহরের চাহিদা বোঝা, চ্যালেঞ্জ বিশ্লেষণ, সেবা ও অবকাঠামো পরিকল্পনা এবং অগ্রাধিকার অনুযায়ী সম্পদ বণ্টনে সহায়তা করে।
জেনারেটিভ এআই-ভিত্তিক পণ্য 'বালাদি লেন্স'-এর জন্য IEEE স্মার্ট সিটি পুরস্কার ২০২৫ জয়ের এক বছর পর এল এই সাফল্য, যা সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে এ খাতে সৌদি আরবের আঞ্চলিক ও বৈশ্বিক অবস্থান আরও দৃঢ় করছে।
