সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় তাদের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে হজ ও উমরাহ ব্যবস্থার একটি কার্যক্রমগত স্তম্ভ হিসেবে বর্ণনা করেছে। কেন্দ্রটি তাৎক্ষণিকভাবে সেবা তদারক করে, কার্যক্রম সূচক পর্যবেক্ষণ করে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে, যাতে হাজি, উমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবার দক্ষতা ও মান বাড়ে।
কেন্দ্রটি ইন্টারঅ্যাকটিভ ডেটা ড্যাশবোর্ডসহ একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভর করে। এর মাধ্যমে কর্মদক্ষতা পর্যবেক্ষণ ও মাঠের পরিবর্তন শনাক্ত করা যায় এবং বিশেষায়িত দলগুলো অভিযোগ ও সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে পারে।
সারা বছর চালু থাকা কেন্দ্রটি সেবার মান ও দক্ষতা পরিমাপে ৯৫টির বেশি কার্যক্রম সূচক অনুসরণ করে। এ কাজে একটি একীভূত তথ্য বিনিময় ব্যবস্থার আওতায় ৩৩টি সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়, ফলে সেবাস্থলের প্রস্তুতি বাড়ে এবং সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধান হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আগমন থেকে প্রস্থান পর্যন্ত আল্লাহর মেহমানদের অভিজ্ঞতা উন্নত করতে তারা কেন্দ্রটির উন্নয়ন অব্যাহত রাখবে, তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়াবে এবং অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করবে।
হজ ও উমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি মুসল্লিরাও এই সেবাব্যবস্থার সরাসরি অংশীদার।


