সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত "মদিনা বাস" এক্সপ্রেস রুট নম্বর ৩০০ চালু করেছে। রুটটি সরাসরি যাত্রার মাধ্যমে হারামাইন হাই-স্পিড রেলস্টেশনকে নর্দার্ন সেন্ট্রাল স্টেশনের সঙ্গে যুক্ত করেছে, ফলে বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য মসজিদে নববীতে পৌঁছানো সহজ হবে।
নতুন রুটটি মদিনা বাস নেটওয়ার্কের অংশ। এটি হারামাইন রেলস্টেশন ও মসজিদে নববীর আশপাশের এলাকার মধ্যে সরাসরি পরিবহনের বিকল্প দেবে, যা চলাচল সহজ করবে এবং মদিনার গণপরিবহন ব্যবস্থাকে আরও সমন্বিত করবে।
এসপিএর তথ্যমতে, এই রুট চালুর লক্ষ্য হলো পরিবহন সেবার দক্ষতা বাড়ানো, বাসিন্দা ও দর্শনার্থীদের চলাচল সহজ করা এবং মসজিদে নববীতে নির্বিঘ্নে পৌঁছানো নিশ্চিত করা। এটি টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ও জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখবে, যা সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
হারামাইন ট্রেনে মদিনায় আসা বাংলাদেশিসহ অন্যান্য জিয়ারতকারী এবং শহরে বসবাসকারী প্রবাসীদের জন্য এই সরাসরি বাস সেবা মসজিদে নববীতে যাওয়ার একটি সুবিধাজনক উপায়।
