সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, জাতীয় অ্যাপ 'তাওয়াক্কালনা' দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গায় একত্র করেছে। সৌদি আরবে অবস্থানরত ৩৬ মিলিয়নের বেশি নাগরিক, প্রবাসী বাসিন্দা ও দর্শনার্থী এ সুবিধা পাচ্ছেন। সংস্থাটির মতে, সেবার পরিসরের দিক থেকে এটি অঞ্চলে এ ধরনের প্রথম উদ্যোগ।

স্বাস্থ্য খাতে ব্যবহারকারীরা স্বাস্থ্যবিমার তথ্য দেখতে, স্বাস্থ্যবিমা কাউন্সিলে অভিযোগ জানাতে এবং নিজের একীভূত স্বাস্থ্য নম্বর জানতে পারেন। বিচার মন্ত্রণালয়ের উইল সত্যায়ন, ঋণ স্বীকৃতি এবং ঋণ পরিশোধ বা মওকুফের স্বীকৃতির সেবাও অ্যাপে রয়েছে। এ ছাড়া সামাজিক উন্নয়ন ব্যাংক, সামাজিক বিমা সংস্থা ও মানবসম্পদ উন্নয়ন তহবিলের সেবাও পাওয়া যায়।

ব্যবসায়িক লেনদেনে আস্থা বাড়াতে অ্যাপটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যিক নিবন্ধন যাচাই, সৌদি বিজনেস সেন্টারের মাধ্যমে নির্ভরযোগ্য অনলাইন দোকান যাচাই এবং জাকাত, কর ও কাস্টমস কর্তৃপক্ষের ই-ইনভয়েস যাচাইয়ের সুবিধা আছে।

যাতায়াতের ক্ষেত্রে গাড়ির পর্যায়ক্রমিক পরিদর্শনের অবস্থা দেখা ও কারিগরি পরিদর্শনের সময় বুক করা যায়। রিয়াদ সিটি রয়্যাল কমিশনের 'দারব' সেবার মাধ্যমে ট্রেন ও বাসের রুটের মানচিত্র দেখে যাত্রার পরিকল্পনা করা যায়।

অ্যাপে সৌদি পোস্টের জাতীয় ঠিকানা 'সুবুল', রিয়াদের পার্কিং সেবা এবং 'আরকামি' (আমার নম্বর) সেবাও যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর দেখতে এবং যোগাযোগ, মহাকাশ ও প্রযুক্তি কমিশনে অভিযোগ জানাতে পারেন।

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এর অর্থ হলো, অনেক সরকারি ও দৈনন্দিন কাজ একটি অ্যাপ থেকেই যাচাই ও সম্পন্ন করা যাবে।