সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সমন্বিত যোগাযোগ কেন্দ্র ১৯৬৬ আরাফাত দিবসেও হাজিদের সেবা দিয়ে যাচ্ছে। একাধিক চ্যানেলের মাধ্যমে কেন্দ্রটি ১১টির বেশি ভাষায় সহায়তা ও তথ্য দিচ্ছে, যাতে হজের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে হাজিরা প্রয়োজনীয় সাহায্য পান।
জিলকদ মাসের শুরু থেকে এ পর্যন্ত কেন্দ্রটি ১৬৭,০০০-এর বেশি কল গ্রহণ করেছে। কেন্দ্রটি দিনরাত চালু থাকে। সৌদি আরবের ভেতর থেকে ১৯৬৬ এবং আন্তর্জাতিক নম্বর ৯২০০০২৮১৪-এ যোগাযোগ করা যায়। এ ছাড়া "নুসুক" অ্যাপ, ইমেইল ও মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মও রয়েছে।
আরাফাত দিবসে কেন্দ্রে আবাসন, পরিবহন, খাবার, দিকনির্দেশনা ও মাঠসেবা নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ আসে। বিশেষায়িত দলগুলো প্রতিটি অনুরোধ নথিভুক্ত ও শ্রেণিবিন্যাস করে এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সমাধানের জন্য পাঠায়।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ১৯৬৬ কেন্দ্র হাজি ও সেবাব্যবস্থার মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম, যার মাধ্যমে মন্ত্রণালয় মাঠের চাহিদা বুঝে তা বাস্তব পদক্ষেপে রূপ দেয়। বাংলাদেশ থেকে যাওয়া হাজি ও তাঁদের স্বজনেরা প্রয়োজনে এই নম্বরগুলো ব্যবহার করতে পারেন।
