সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় হজ, উমরাহ ও জিয়ারতে ইসলামি সচেতনতা বিষয়ক সাধারণ সচিবালয়ের মাধ্যমে ১৪৪৭ হিজরির হজ মৌসুমে সচেতনতা কর্মসূচি জোরদার করেছে, যাতে হাজিরা সঠিক জ্ঞান নিয়ে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।
১৮২২ জনের বেশি দাঈ হাজিদের কাফেলা ও তাঁবু, পবিত্র নগরীর মসজিদ, হারাম সীমার বাইরের (হিল) মসজিদ, আরাফাত ও মুজদালিফার মসজিদ, সচেতনতা কেবিন এবং টোল-ফ্রি ফোন ও ভিডিও কল সেবায় দাওয়াহ কার্যক্রম চালিয়েছেন। দাঈ ও ইমামরা ১২০,১৬৮ টির বেশি দাওয়াহ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মিনায় কাজ চালিয়ে যাচ্ছেন।
ইলেকট্রনিক পর্দায় একাধিক ভাষায় ৪,৩৬০,৮০০ টির বেশি সচেতনতা বার্তা প্রচার করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় পবিত্র স্থানগুলোতে থাকা হাজিদের মোবাইলে হজের বিধান ও নির্দেশনাসংবলিত ২২ মিলিয়নের বেশি এসএমএস পাঠিয়েছে।
একীভূত টোল-ফ্রি নম্বরে ৫৮২,১০৮ টির বেশি কল এসেছে, যার উত্তর দিয়েছেন ২৩০ জনের বেশি দাঈ ও ৩০ জন অনুবাদক, ১৪টির বেশি ভাষায়। ভিডিও কল সেবায় ৪০টির বেশি ভাষায় শরয়ি নির্দেশনা দেওয়া হচ্ছে, যা আরবি না জানা হাজিদের জন্য বিশেষ সহায়ক।
মন্ত্রণালয় জানিয়েছে, মৌসুমের শেষ পর্যন্ত পবিত্র স্থান, সেখানকার মসজিদ ও সচেতনতা কেন্দ্রগুলোতে এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

