সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্ম 'আবশার' ২০২৬ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, এই সময়ে 'আবশার আফরাদ' (ব্যক্তি) ও 'আবশার আমাল' (ব্যবসা) প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ২৪০,২৬৮,২৫০ ইলেকট্রনিক লেনদেন হয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মালহামে অনুষ্ঠিত LEAP ২০২৬ সম্মেলন ও প্রদর্শনীতে মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে এই তথ্য তুলে ধরা হয়।
আবশার আফরাদে ২২৫,৩৬০,৮৬৫ লেনদেন হয়েছে, যার মধ্যে ডিজিটাল ডকুমেন্ট ওয়ালেটের মাধ্যমে ১৭৪,৯০৬,৬৩২ বার নথি দেখা হয়েছে। আবশার অ্যাপের এই ওয়ালেট নাগরিক, প্রবাসী বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। অন্যদিকে আবশার আমালে লেনদেনের সংখ্যা ছিল ১৪,৯০৭,৩৮৫।
জননিরাপত্তা মহাপরিদপ্তরের সেবায় ১৯,৭৮৩,০০৮ লেনদেন হয়েছে, যার মধ্যে ১৯,১৮০,৩৯১ ট্রাফিক মহাপরিদপ্তরের। পাসপোর্ট মহাপরিদপ্তরে (জাওয়াজাত) ১৩,৯৫৮,৮৮৯ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিল অ্যাফেয়ার্স এজেন্সিতে ২,৭৯৩,৮২০ লেনদেন সম্পন্ন হয়েছে।
আবশার আফরাদের সাধারণ সেবার আওতায় 'আবশার রিপোর্টস' সেবা থেকে ৬৩১,১৬১ প্রতিবেদন ইস্যু করা হয়েছে এবং আঙুলের ছাপ সংক্রান্ত ১২,১৬৮ সাধারণ জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আবশারের মাধ্যমে ইস্যু করা একীভূত ডিজিটাল পরিচয় দিয়ে নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীরা আবশার আফরাদ, আবশার আমাল ও আবশার হুকুমা প্ল্যাটফর্মে মন্ত্রণালয়ের সেবা সহজে ও নির্ভরযোগ্যভাবে নিতে পারেন এবং জাতীয় একীভূত প্রবেশ পোর্টাল 'নাফাজ'-এর মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবায় যুক্ত হতে পারেন। সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের ট্রাফিক, পাসপোর্ট ও নথিপত্র সংক্রান্ত অনেক কাজও এই প্ল্যাটফর্মে অনলাইনে সম্পন্ন হয়।
