সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সব হজবিষয়ক দপ্তর ও হজ সেবাদাতাকে এ বছর ১৪৪৭ হিজরির হজ পালনে আনুষ্ঠানিক পারমিট নেওয়া এবং অনুমোদিত নিয়মিত পথ অনুসরণের বাধ্যবাধকতা সম্পর্কে হাজিদের সচেতন করার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে, কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক পারমিটধারীরাই হজ পালন করতে পারবেন। পারমিট ছাড়া হজের যেকোনো চেষ্টার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ এটি নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন এবং এর জন্য আইনি শাস্তি প্রযোজ্য।

মন্ত্রণালয়ের মতে, নিয়ম মেনে চলা নিরাপত্তা ও শৃঙ্খলার মান বাড়ায়, ভিড় ব্যবস্থাপনা দক্ষ করে, পবিত্র স্থানগুলোতে চলাচল সুশৃঙ্খল রাখে এবং হাজিদের অভিজ্ঞতার মান উন্নত করে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের হজ মৌসুম শেষ হওয়ার পরপরই হজ দপ্তর ও সেবাদাতাদের সঙ্গে সমন্বয় শুরু হয়। এর আওতায় নিয়মিত বৈঠক ও ধারাবাহিক সচেতনতা কর্মসূচি চালানো হয়েছে, যাতে নিয়ম মানার হার বাড়ে।

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য বার্তাটি পরিষ্কার: হজের নিয়ত থাকলে আগে আনুষ্ঠানিক পারমিট নিশ্চিত করুন।