সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে হজ নিরাপত্তা বাহিনী মক্কার প্রবেশপথে ৫ জন প্রবাসী ও ৫ জন সৌদি নাগরিককে আটক করেছে। হজের নিয়ম ও নির্দেশনা লঙ্ঘন করে তাঁরা হজের অনুমতিপত্রহীন ৩৪ জনকে পরিবহন করছিলেন।
মৌসুমি প্রশাসনিক কমিটির মাধ্যমে মন্ত্রণালয় সিদ্ধান্ত জারি করেছে। এর মধ্যে রয়েছে পরিবহনকারী ও লঙ্ঘনের সঙ্গে যুক্তদের ১০০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং তাঁদের নাম প্রকাশ।
অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টাকারীদের ২০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়েছে। সাজা ভোগের পর প্রবাসীদের দেশে ফেরত পাঠানো হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে। অবৈধ পরিবহনে ব্যবহৃত যানবাহন আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করার আবেদনও করেছে মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক ও প্রবাসীকে হজের নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: অনুমতি ছাড়া হজ পালন বা কাউকে পরিবহন করলে কঠোর শাস্তি প্রযোজ্য।
