সৌদি আরবের পৌর ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, মক্কা পৌরসভা (আমানাতুল আসিমা আল-মুকাদ্দাসা) ১৪৪৭ হিজরির হজ মৌসুমে তাদের পরিচালন ও মাঠপর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত রেখেছে। এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে সমন্বিত অভিযোগ কেন্দ্র ৯৪০ ও ডিজিটাল চ্যানেল, যার লক্ষ্য মক্কা ও পবিত্র স্থানসমূহে হাজিদের পৌর সেবার মান বাড়ানো।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪ থেকে ৮ জিলহজ পর্যন্ত ৯৪০ কেন্দ্র ৭৭০টির বেশি সেবা-অভিযোগ নিষ্পত্তি করেছে। এ সময় পবিত্র স্থানসমূহ ও কেন্দ্রীয় এলাকায় ছিল বিপুল ভিড় এবং মানুষের অবিরাম চলাচল।
মন্ত্রণালয় জানায়, অভিযোগগুলোর বেশির ভাগই ছিল সাধারণ পরিচ্ছন্নতা, পরিবেশগত স্যানিটেশন এবং জনসাধারণের সুবিধাসংক্রান্ত মাঠসেবা নিয়ে। বিশেষায়িত দলগুলো আগাম প্রস্তুত করা পরিকল্পনার আওতায় এসব অভিযোগের সমাধান করে।
জনস্বাস্থ্য ও নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ জরুরি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয় এবং গুরুতর অভিযোগে ১০০ শতাংশ তাৎক্ষণিক সাড়া দেওয়া হয়েছে। কেন্দ্রটি বিভিন্ন ভাষায় ২৩৬টি কলও গ্রহণ করেছে; এই সেবা দিনরাত মতামত ও প্রশ্ন গ্রহণ করে।
মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পুরো হজ মৌসুমজুড়ে তদারকি ও মূল্যায়ন চলবে, যাতে হাজিদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। বাংলাদেশি হাজি ও তাঁদের স্বজনদের জন্য জেনে রাখা দরকার, পৌর সেবা-সংক্রান্ত সমস্যা ৯৪০ নম্বরে জানানো যায়।
