সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পবিত্র রাজধানী মক্কার পৌরসভা "কুরা আল-মাশায়ের" (পবিত্র স্থানের গ্রাম) উদ্যোগের মাধ্যমে আরাফাতে ৩০০,০০০-এর বেশি হাজিকে অভ্যর্থনা ও সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি পৌরসভার স্বেচ্ছাসেবা ও অলাভজনক খাতের "বালাদি" ক্যাম্পের একটি উদ্যোগ।
নামিরা মসজিদের কাছে, মুজদালিফার দিকে যাওয়ার পায়ে চলা পথে ৪০,০০০ বর্গমিটারের বেশি এলাকাজুড়ে এই আপ্যায়ন কেন্দ্র। তারবিয়ার দিন (৮ জিলহজ) মাগরিব থেকে ঈদুল আজহার দিন ফজর পর্যন্ত এটি চালু থাকবে।
এর লক্ষ্য নামিরা মসজিদ থেকে প্রায় ৮০০ মিটার দূরে, মুজদালিফাগামী হাজিদের হাঁটার পথে, তাদের আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটিতে বিশ্রাম ও আপ্যায়নের ব্যবস্থা করা।
এখানে খাবার ও পানীয়, বিশ্রামের জায়গা, ঠান্ডা পানির স্প্রে ও উপহারের পাশাপাশি দিকনির্দেশনা, স্বাস্থ্য সচেতনতা ও সহায়ক সেবা থাকবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের যে হাজিরা আরাফাত থেকে মুজদালিফা পর্যন্ত হেঁটে যান, তাদের জন্য হজের সবচেয়ে কষ্টের দিনে এটি বড় স্বস্তি।
