দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় আজ রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল খুজদার শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ২৫ কিলোমিটার গভীরে। প্রদেশের খুজদার, কালাত ও সুরাব এলাকার বাসিন্দারা কম্পন অনুভব করেছেন।

তীব্র কম্পনে লোকজন ঘর ছেড়ে খোলা জায়গায় জড়ো হন। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি, আর স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।