পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তি সৌদি আরবের বিরুদ্ধে সন্ত্রাসী হুথি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা সৌদি আরবের প্রতি নিজ নিজ দেশের পূর্ণ সংহতি এবং দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইসহাক দার মিসরীয় সমকক্ষকে ফোন করলে এই অভিন্ন অবস্থান তুলে ধরা হয়। আলোচনায় দুই মন্ত্রী অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় এর প্রভাব পর্যালোচনা করেন।
সৌদি আরব, পাকিস্তান, মিসর ও তুরস্ককে নিয়ে গঠিত চতুর্দেশীয় গোষ্ঠীর কাঠামোয় সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও কথা বলেন দুই মন্ত্রী। সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বিষয়ে অবস্থান সমন্বয়ের লক্ষ্যে গোষ্ঠীর পরবর্তী বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজনের আশা প্রকাশ করেন তাঁরা।
