সৌদি আরব, মিসর, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত চার দেশের গ্রুপ সৌদি আরবের বিরুদ্ধে সন্ত্রাসী হুথি মিলিশিয়ার অব্যাহত হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলা, যাতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত ও আহত হন এবং বেসামরিক অবকাঠামো ও স্থাপনার ক্ষতি হয়।

যৌথ বিবৃতিতে চার দেশ বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত। এগুলো দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং এমন বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, যা কোনো অজুহাতেই ন্যায্য বা গ্রহণযোগ্য হতে পারে না।

গ্রুপটি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছে এবং এসব হামলা মোকাবিলা, হুমকির উৎস প্রতিরোধ ও পুনরাবৃত্তি ঠেকাতে দেশটির নেওয়া সব বৈধ পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব পদক্ষেপ দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে এসব হামলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী এর পরিণতির পূর্ণ দায় হুথি মিলিশিয়ার ওপর চাপানো হয় এবং অবিলম্বে ও নিঃশর্তভাবে হামলা বন্ধের দাবি জানানো হয়।