মক্কা হেলথ ক্লাস্টারের সদস্য কিং আবদুল্লাহ মেডিকেল সিটির হার্ট সেন্টার এক ইরাকি হাজির প্রাণ রক্ষা করেছে, যিনি নিজেও স্নায়ুবিজ্ঞানে বিশেষজ্ঞ একজন চিকিৎসক। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, তিনি তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। হৃদ্‌যন্ত্রে রক্তপ্রবাহ ফিরিয়ে আনা ও হৃৎপেশিকে গুরুতর জটিলতা থেকে রক্ষা করতে জরুরি ক্যাথেটার হস্তক্ষেপ প্রয়োজন ছিল।

মেডিকেল সিটি জানায়, হাজি তীব্র হৃদ্‌রোগের উপসর্গ নিয়ে পৌঁছান। ইসিজিতে হৃৎপেশির নিচের দেয়ালে তীব্র ইনফার্কশন ধরা পড়ে। এরপর ইন্টারভেনশনাল কার্ডিওলজি দল তাৎক্ষণিক চিকিৎসা শুরু করে এবং তাঁকে সরাসরি ক্যাথ ল্যাবে নেওয়া হয়।

ক্যাথেটারাইজেশনে ডান করোনারি ধমনি সম্পূর্ণ বন্ধ পাওয়া যায়। দলটি ধমনি খুলে একটি আধুনিক ওষুধযুক্ত স্টেন্ট বসায়। ধমনির অভ্যন্তরীণ ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত করা হয় যে স্টেন্টটি সঠিকভাবে প্রসারিত হয়েছে ও যথাস্থানে বসেছে, যাতে চিকিৎসার ফল ভালো হয় ও দ্রুত সেরে ওঠা যায়।

মেডিকেল সিটির তথ্যমতে, কোনো জটিলতা ছাড়াই রক্তপ্রবাহ চমৎকারভাবে ফিরে আসে এবং হাজি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। হৃদ্‌যন্ত্রের গুরুত্বপূর্ণ সূচক নিয়মিত পর্যবেক্ষণের জন্য স্মার্টওয়াচ প্রযুক্তির মাধ্যমে দূর থেকে তাঁর ফলো-আপ চলছে।

চিকিৎসক হাজি দ্রুত সাড়া, মানসম্পন্ন চিকিৎসা ও মানবিক আচরণের জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি সৌদি আরব ও এর নেতৃত্বের জন্য দোয়া করেন এবং হাজিদের দেওয়া সেবা ও উন্নত চিকিৎসা সক্ষমতার প্রশংসা করেন। মেডিকেল সিটি জানায়, হজ মৌসুমে সংকটাপন্ন রোগী ও জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য তাদের বিশেষজ্ঞ দল চব্বিশ ঘণ্টা কাজ করছে।