সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মদিনা শাখার অ্যাম্বুলেন্স দল ৮৪ বছর বয়সী এক ভারতীয় নারী ওমরাহ পালনকারীর নাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, যিনি মসজিদে নববীতে জুমার নামাজের সময় হঠাৎ জরুরি অবস্থায় পড়েন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মুসল্লি ও দর্শনার্থীদের সেবায় নির্ধারিত অ্যাম্বুলেন্স মোতায়েন পরিকল্পনার আওতায় এটি ঘটে।

দলটি ৫৬ সেকেন্ডে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেয় এবং নাড়ি ফিরে না আসা পর্যন্ত সিপিআর চালিয়ে যায়। পরে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য বাব জিবরিল স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

মদিনা শাখার মহাপরিচালক ড. আহমদ বিন আলী আল-জাহরানি বলেন, মসজিদে নববী ও আশপাশে দলগুলোর উচ্চ প্রস্তুতি ও পরিকল্পিত মোতায়েনের ফলেই জরুরি ঘটনায় এত দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়, যা সংকটময় মুহূর্তে সেবা দেয় এবং জীবন বাঁচানোর সম্ভাবনা বাড়ায়।

ড. আল-জাহরানি দলগুলোর দক্ষতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং জানান, মুসল্লি, ওমরাহ পালনকারী ও মদিনার দর্শনার্থীদের সেবায় কর্তৃপক্ষ প্রস্তুতি আরও বাড়াতে থাকবে।