মদিনা অঞ্চলে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স দল জুমার নামাজের সময় মসজিদে নববীতে ৭৪ বছর বয়সী এক পাকিস্তানি উমরাহযাত্রীর প্রাণ বাঁচিয়েছে। হঠাৎ তাঁর হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, আর দলটি ১৪ সেকেন্ডের মধ্যে তাঁর কাছে পৌঁছায়।

কর্তৃপক্ষের মদিনা শাখার মহাপরিচালক ড. আহমদ বিন আলি আল-জাহরানি জানান, দলটি পৌঁছেই জরুরি ব্যবস্থা ও সিপিআর শুরু করে। এতে নাড়ি ফিরে আসে এবং অবস্থা প্রাথমিকভাবে স্থিতিশীল হয়। পরে তাঁকে আরও চিকিৎসার জন্য বাব জিবরিল স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

আল-জাহরানি বলেন, আল্লাহর রহমতে দ্রুত পৌঁছানো ও সময়মতো হস্তক্ষেপই তাঁর জীবন বাঁচিয়েছে। জুমার নামাজের প্রস্তুতি পরিকল্পনার আওতায় মসজিদে ব্যাপকভাবে জরুরি কর্মী মোতায়েন থাকায় মুসল্লি, দর্শনার্থী ও উমরাহযাত্রীদের জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।

তিনি বলেন, এ ধরনের ঘটনা ভিড়ের স্থানে আগাম মোতায়েনের গুরুত্ব দেখায়, যা সাড়া দেওয়ার সময় কমায় ও বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। সংকটময় পরিস্থিতি সামলাতে কর্মীদের দক্ষতার প্রশংসাও করেন তিনি।