সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মদিনা শাখার অ্যাম্বুলেন্স দল মসজিদে নববীতে অবস্থানরত ৭০ বছর বয়সী এক ইয়েমেনি ওমরাহ পালনকারীকে জরুরি চিকিৎসা দিয়েছে, যাঁর হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, দলটি মাত্র ১৩ সেকেন্ডের রেকর্ড সময়ে তাঁর কাছে পৌঁছায়।

দলটি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর হৃদরোগের বিশেষ চিকিৎসা পথ চালু করে এবং গ্রহণকারী হাসপাতালের সঙ্গে সরাসরি সমন্বয় করে। পরে রোগীকে বিশেষায়িত চিকিৎসার জন্য আল-হায়াত ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।

মদিনা শাখার মহাপরিচালক ড. আহমদ বিন আলী আল-জাহরানি বলেন, হৃদযন্ত্র ও শ্বাস বন্ধ হওয়ার ক্ষেত্রে দ্রুত সাড়া ও প্রাথমিক হস্তক্ষেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, মুসল্লি, দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের সেবায় মসজিদে নববী ও আশপাশে অ্যাম্বুলেন্স দল সার্বক্ষণিক মোতায়েন থাকে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহ যাত্রীদের জন্য এটি আশ্বাসের খবর যে জরুরি প্রয়োজনে সহায়তা খুব কাছেই রয়েছে।