সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্যমতে, মসজিদুল হারাম ও মসজিদে নববীর বিষয়াবলি তত্ত্বাবধানের সাধারণ কর্তৃপক্ষ আল্লাহর মেহমান ও দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সেবায় বছরের প্রতিদিন ২৪ ঘণ্টা একটি সমন্বিত সেবাকেন্দ্র ব্যবস্থা পরিচালনা করছে, যাতে তাঁরা নিরাপদ ও প্রশান্ত পরিবেশে ইবাদত ও আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।
এই ব্যবস্থায় মোট ২১টি কেন্দ্র রয়েছে—২টি প্রধান কেন্দ্র এবং দুই পবিত্র মসজিদের প্রাঙ্গণে ১৯টি উপকেন্দ্র। সবগুলো একটি অভিন্ন পরিচালন পদ্ধতিতে চলে, ফলে সেবার সমন্বয় ও দ্রুত সাড়া নিশ্চিত হয়।
কেন্দ্রগুলোতে পথনির্দেশনা ও আনুষ্ঠানিকতা সম্পর্কে সচেতনতা, একাধিক ভাষায় প্রশ্নের উত্তর, হারানো জিনিসের অভিযোগ গ্রহণ করে মালিকের কাছে ফেরত দেওয়া এবং মালপত্র রাখার সেবা পাওয়া যায়। বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মতো অগ্রাধিকারপ্রাপ্ত দর্শনার্থীদের চলাচল ও সুবিধা ব্যবহারে বিশেষ সহায়তা দেওয়া হয়।
পথ হারানো ব্যক্তিদের, বিশেষ করে নারী ও শিশুদের কেন্দ্রগুলোতে রাখা হয় এবং স্বজনদের শনাক্ত না হওয়া পর্যন্ত তাঁদের যত্ন নেওয়া হয়, এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কর্তৃপক্ষ কিউআর কোডের মাধ্যমে কেন্দ্রগুলোর অবস্থান খুঁজে পাওয়া সহজ করেছে, ফলে দর্শনার্থীরা নিকটতম সেবাকেন্দ্র দ্রুত খুঁজে নিতে পারেন। কর্তৃপক্ষের ভাষ্য, সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী সেবার মান উন্নয়নের অংশ হিসেবেই এসব উদ্যোগ। উমরাহ বা জিয়ারতে যাওয়া পরিবারগুলোর জন্য যেকোনো সমস্যায় এই কেন্দ্রগুলো প্রথম সহায়তার জায়গা হতে পারে।
