সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হজের নিয়ম ও নির্দেশনা লঙ্ঘন করে অনুমতিপত্রবিহীন ব্যক্তিদের বহন করতে গিয়ে ধরা পড়া নাগরিক ও প্রবাসীদের ৫০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা ও ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। এ ছাড়া আদালতের রায়ের মাধ্যমে বাহনটি বাজেয়াপ্ত করার আবেদন করা হবে।

মন্ত্রণালয় জানায়, বহনকারী প্রবাসী হলে সাজা ভোগের পর তাকে নির্বাসিত করা হবে এবং আইনে নির্ধারিত মেয়াদ পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজ পালনের জন্য বৈধ হজ পারমিট মৌলিক শর্ত। ১৪৪৭ হিজরির হজ মৌসুমের নির্দেশনা মেনে চলা এবং হাজিদের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, লঙ্ঘনকারীরা আইনানুগ শাস্তির মুখে পড়বে।

লঙ্ঘনের তথ্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে জানানো যাবে। গাড়িচালক পেশায় যুক্ত প্রবাসীদের জন্য এই সতর্কবার্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ একটি যাত্রার মূল্য হতে পারে দেশ থেকে নির্বাসন।