সৌদি আরবের সাধারণ পরিবহন কর্তৃপক্ষ একটি নতুন উদ্যোগ চালু করেছে, যার আওতায় ভারী ট্রাকে নিজেদের পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানগুলো এখন যানবাহনের সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা ছাড়াই বহর বাড়াতে পারবে।

সুবিধাটি সেই প্রতিষ্ঠানগুলোর জন্য, যাদের বাণিজ্যিক উদ্দেশ্যে 'প্রতিষ্ঠানের নিজস্ব স্বার্থে' ভারী পণ্য পরিবহনের লাইসেন্স রয়েছে, অর্থাৎ যারা নিজেদের মালিকানাধীন পণ্য বহন করে। কার্যক্রম পরিচালনার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তারা চাহিদা অনুযায়ী যানবাহন নিতে পারবে।

উদ্যোগটিতে শিল্প, কৃষি, প্রাণিসম্পদ ও নির্মাণ ঠিকাদারিসহ সেসব ব্যবসা অন্তর্ভুক্ত, যাদের কাজের সঙ্গে পণ্য পরিবহন জড়িত। এতে তারা কাজের ধরন ও পরিসর অনুযায়ী বহরের আকার ঠিক করতে পারবে।

কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষতার সঙ্গে পণ্য পরিবহন পরিচালনা, প্রকৃত চাহিদা অনুযায়ী সক্ষমতা বাড়ানো এবং লজিস্টিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

এই খাতের নিয়ন্ত্রক কাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আরও নমনীয় সমাধান দেওয়ার যে প্রচেষ্টা কর্তৃপক্ষ চালাচ্ছে, উদ্যোগটি তারই অংশ।