সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ১৪৪৭ হিজরির হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে "বালাদি+" মক্কা ও পবিত্র স্থানসমূহে ডিজিটাল ও ভৌগোলিক তথ্য হালনাগাদের একটি প্যাকেজ বাস্তবায়ন করেছে, যার আওতায় ১১,৮০০-এর বেশি স্থাপনা ও স্থান হালনাগাদ করা হয়েছে। মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহের রয়্যাল কমিশনের সহযোগিতায় এ কাজ করা হয়, যাতে হাজিদের চলাচল সহজ হয় এবং ভিড় ব্যবস্থাপনা আরও দক্ষ হয়।

প্ল্যাটফর্মটি ৯৯০ কিলোমিটারের বেশি শাটল পরিবহন রুট ডিজিটাল মানচিত্রে হালনাগাদ করেছে এবং যানবাহনের সময়সূচির তাৎক্ষণিক তথ্য দিচ্ছে। মসজিদুল হারামের প্রবেশ ও বহির্গমন পথ, পায়ে হাঁটার পথ এবং জামারাত সেতুর ত্রিমাত্রিক (থ্রিডি) ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতাও চালু করা হয়েছে।

হালনাগাদের মধ্যে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, রেড ক্রিসেন্ট স্টেশন ও জনসুবিধার অবস্থানও রয়েছে। হাজিদের তাঁবুগুলোকে অনুমোদিত হজ কাফেলার তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে, আর মানচিত্রে রাস্তার অবস্থা ও যান চলাচলের বিকল্প পথের তাৎক্ষণিক তথ্য পাওয়া যাচ্ছে। পৌর সেবার আওতায় মৌসুমি পারমিট, হাজিদের আবাসন আবেদন ও স্বাস্থ্য সনদ ইস্যুর সুবিধাও দেওয়া হয়েছে।

"বালাদি"-এর প্রধান নির্বাহী ইয়াসির আল-উবাইদান বলেন, "আমরা নির্ভুল ও তাৎক্ষণিকভাবে হালনাগাদ হওয়া ভৌগোলিক তথ্য সরবরাহে কাজ করছি, যাতে হজের সময় আল্লাহর মেহমানরা সহজে সেবা পান এবং দক্ষতার সঙ্গে চলাচল করতে পারেন।"