সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাধারণ পরিবহন কর্তৃপক্ষ (টিজিএ) জাতীয় মেরিটাইম একাডেমির সহযোগিতায় নৌখাতে কর্মরতদের জন্য ইংরেজি ভাষা পরীক্ষার প্ল্যাটফর্ম চালু করেছে। এর লক্ষ্য বিশেষায়িত নৌ-ইংরেজিতে কর্মীদের দক্ষতা যাচাই এবং খাতের কাজের চাহিদা অনুযায়ী তাদের ভাষাগত সক্ষমতা বাড়ানো।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ সাল থেকে সব লক্ষ্যভুক্ত শ্রেণির জন্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে। এর উদ্দেশ্য ভাষাগত দক্ষতা যাচাইয়ের মানদণ্ড একীভূত করা, কর্মীদের প্রস্তুতি বাড়ানো এবং নৌখাতের চাহিদা অনুযায়ী তাদের দক্ষতা উন্নয়ন।

উদ্যোগটি মানবসম্পদ উন্নয়ন এবং নৌ-কাজের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রস্তুত করতে কর্তৃপক্ষ ও জাতীয় মেরিটাইম একাডেমির যৌথ প্রচেষ্টার অংশ, যা কর্মদক্ষতা ও পেশাগত মান বাড়াতে সহায়ক হবে।

কর্তৃপক্ষ নৌখাতের কর্মীদের https://marineenglish.com.sa/ প্ল্যাটফর্মে নিবন্ধন করে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে। সৌদি বন্দর ও জাহাজে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য এটি আগেভাগে প্রস্তুতি শুরুর সংকেত।