সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে অনিয়মিতভাবে অবস্থানরত ইয়েমেনি নাগরিকত্বধারী সবার অবস্থা সংশোধন বা বৈধ করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান ড. রাশাদ মোহাম্মদ আল-আলিমির অনুরোধে সাড়া দিয়ে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং সৌদি ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের (সদায়া) সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রক্রিয়া বাস্তবায়ন করবে। এসপিএর ভাষ্য অনুযায়ী, এটি ইয়েমেনি জনগণের প্রতি সৌদি নেতৃত্বের অব্যাহত সমর্থন ও ভ্রাতৃত্বপূর্ণ অবস্থানেরই ধারাবাহিকতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সুযোগ নিতে ইয়েমেনি পাসপোর্ট থাকা আবশ্যক। প্রক্রিয়া শুরুর তারিখ ও নিয়মাবলি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিশিয়াল অ্যাকাউন্টে ঘোষণা করা হবে।

যাঁদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য, তাঁদের কেবল এসব সরকারি মাধ্যমে প্রকাশিত তথ্যের ওপরই নির্ভর করা উচিত।