সৌদি আরবের সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, কারণ আগামী সোমবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে, বন্যার পানি জমে এমন জায়গা ও উপত্যকা (ওয়াদি) এড়িয়ে চলতে, সেখানে সাঁতার না কাটতে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলা ওড়ানো দমকা হাওয়া দেখা দিতে পারে। এতে মক্কা নগরী, আল-কামিল, আল-জুমুম, বাহরা, তায়েফ, মাইসান, আদাম ও আল-আরদিয়াত প্রভাবিত হবে। জেদ্দা, খুলাইস, রাবিগ, আল-লাইস, আল-কুনফুদা, রানিয়া, তুরাবা, আল-খুরমা ও আল-মুওয়াইহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জাজান, আসির, আল-বাহা, মদিনা, হাইল ও কাসিম অঞ্চলেও বন্যা, শিলাবৃষ্টি ও ধুলাময় বাতাসসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। পূর্বাঞ্চল, তাবুক, আল-জওফ ও উত্তর সীমান্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
