সৌদি আরবের সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর সবাইকে সতর্ক থাকতে, নিরাপদ স্থানে অবস্থান করতে, উপত্যকা ও বন্যার পানি জমার জায়গা থেকে দূরে থাকতে, সেখানে সাঁতার না কাটতে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে। দেশের বেশির ভাগ অঞ্চলে বজ্রবৃষ্টি আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, যার ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলা ওড়ানো দমকা হাওয়া হতে পারে। এর প্রভাব পড়বে মক্কা নগরী, আল-কামিল, আল-জুমুম, বাহরা, তায়েফ, মাইসান, আদাম, আল-আরদিয়াত, আল-লাইস ও আল-কুনফুদায়।
জাজান, আসির ও আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, শিলা ও ধুলাময় বাতাসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মদিনা, হাইল, আল-জাওফ ও উত্তর সীমান্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
