সৌদি আরবের বেসামরিক, অর্থনৈতিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী হুথি গোষ্ঠীর অব্যাহত হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব হামলায় রিয়াদ, দাহরান, খামিস মুশাইতসহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। বাহরাইনের বিবৃতিতে হামলাকারীদের "ইরান-সমর্থিত সন্ত্রাসী হুথি মিলিশিয়া" বলা হয়েছে।
বাহরাইন এসব হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং বেসামরিক মানুষের জীবন ও আঞ্চলিক নিরাপত্তা-স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে জানায়, নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা, নাগরিক ও বসবাসকারীদের সুরক্ষায় সৌদি আরব যে পদক্ষেপই নিক, বাহরাইন তা সমর্থন করে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতিও সমর্থন জানানো হয় এবং বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা বাহরাইন ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
বেসামরিক মানুষ ও স্থাপনায় বারবার হামলা বন্ধ, দায়ীদের ও তাদের মদদদাতাদের জবাবদিহির আওতায় আনা এবং ২২১৬ (২০১৫), ২৭২২ (২০২৪) ও ২৮১৭ (২০২৬) নম্বর প্রস্তাব বাস্তবায়নে নিরাপত্তা পরিষদকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন, যাতে বেসামরিক মানুষ, আকাশ ও সমুদ্রপথের চলাচল, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য সুরক্ষিত থাকে।
