সৌদি আরবে সন্ত্রাসী হুথি গোষ্ঠীর অব্যাহত হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেওয়া সভাপতির বিবৃতিকে স্বাগত জানিয়েছে কুয়েত। বিবৃতিতে বেসামরিক মানুষ, বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং লোহিত সাগর ও বাব আল-মান্দাবে নৌচলাচলের নিরাপত্তা হুমকির মুখে ফেলার নিন্দা জানানো হয়েছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরিষদের বিবৃতিতে প্রকাশিত অবস্থানগুলোকে কুয়েত সমর্থন করে, বিশেষ করে আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষায় সৌদি আরবের অধিকারের স্বীকৃতিকে।

নিরাপত্তা পরিষদের ২২১৬ (২০১৫) নম্বর প্রস্তাব পূর্ণ বাস্তবায়ন এবং হুথি মিলিশিয়ার কাছে অস্ত্র, অর্থ ও সব ধরনের সামরিক সহায়তা পৌঁছানো ঠেকানোর প্রয়োজনীয়তাকেও সমর্থন জানিয়েছে কুয়েত।

সৌদি আরবের সঙ্গে নিজেদের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে কুয়েত জানায়, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির প্রতিটি পদক্ষেপে তারা পাশে আছে। সৌদি আরবের নিরাপত্তা কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করে দেশটি।