মদিনার উহুদ হাসপাতালের রেটিনা ও ভিট্রিয়াস সার্জারিতে বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল হজ পালন করতে আসা এক আলজেরীয় নারীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, জরুরি চিকিৎসার মাধ্যমে তাঁর ডান চোখ রক্ষা পায় এবং দেখার ক্ষমতা ফিরে আসে।

মদিনা হেলথ ক্লাস্টার জানিয়েছে, ওই নারীকে অ্যাম্বুলেন্সে করে উহুদ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হঠাৎ তাঁর ডান চোখের দৃষ্টি চলে গিয়েছিল। ক্লিনিক্যাল পরীক্ষা, রেটিনার বিশেষ ইমেজিং ও আল্ট্রাসাউন্ডে রেটিনা গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার (রেটিনাল ডিটাচমেন্ট) বিষয়টি ধরা পড়ে, যার জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন ছিল।

ক্লাস্টারের তথ্য অনুযায়ী, চিকিৎসক দল সঙ্গে সঙ্গে একটি সূক্ষ্ম অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এতে চোখের ভিট্রিয়াস তরল সম্পূর্ণ অপসারণ করা হয়, অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেটিনার ছেঁড়া অংশগুলো নিখুঁতভাবে চিহ্নিত করা হয় এবং রেটিনাকে স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনা হয়। ছেঁড়া অংশে লেজার চিকিৎসা দেওয়া হয় এবং রেটিনা স্থির রাখতে সিলিকন তেল প্রবেশ করানো হয়।

অস্ত্রোপচারের পর তাঁর দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য উন্নতি হয় এবং তিনি ডান চোখে আবার দেখতে পান। স্থিতিশীল অবস্থায় হাসপাতাল ছেড়ে তিনি হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য পবিত্র স্থানগুলোর উদ্দেশে রওনা হন।

ক্লাস্টার বলেছে, এই সাফল্য মদিনার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর দক্ষ জনবল ও উন্নত চিকিৎসা সক্ষমতার প্রতিফলন, যা হাজিদের জরুরি ও বিশেষায়িত সেবা দিতে প্রস্তুত, যাতে তাঁরা সুস্থ ও নিশ্চিন্তভাবে তাঁদের ইবাদতের সফর সম্পন্ন করতে পারেন।