সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের নিয়ম ও নির্দেশনা লঙ্ঘন করে পারমিট ছাড়া নাগরিক বা বাসিন্দাদের বহন করার সময় যে-ই ধরা পড়বেন, তাকে 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা ও 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে।

পাশাপাশি পরিবহনে ব্যবহৃত স্থলযান আদালতের রায়ের মাধ্যমে বাজেয়াপ্ত করার আবেদন করা হবে। বহনকারী যদি প্রবাসী হন, তবে দণ্ড ভোগের পর তাকে দেশ থেকে ফেরত পাঠানো হবে এবং আইনে নির্ধারিত মেয়াদ পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজ পালনের জন্য বৈধ হজ পারমিট পাওয়া একটি মৌলিক শর্ত। এ বছরের (1447 হিজরি) হজ মৌসুমের নির্দেশনা মেনে চলা এবং হাজিদের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, লঙ্ঘনকারীদের আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।

মন্ত্রণালয় লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে 911 এবং দেশের অন্যান্য অঞ্চলে 999 নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে। সৌদি আরবে চালক বা যানবাহনের মালিক হিসেবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এই সতর্কবার্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।