হাজিরা মিনায় আসতে শুরু করার সঙ্গে সঙ্গে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ তারবিয়ার দিনের জন্য তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পবিত্র স্থানসমূহ ও সেখানে যাওয়ার সড়কগুলোতে জরুরি প্রস্তুতি ও সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোই এর লক্ষ্য।
পরিকল্পনার মূল ভিত্তি হলো পবিত্র নগরী মক্কা, মসজিদুল হারাম ও পবিত্র স্থানগুলোতে ছড়িয়ে থাকা ৫০০-এর বেশি জরুরি চিকিৎসা পয়েন্ট। এসব পয়েন্টে সহায়তা দিচ্ছে পায়ে হেঁটে চলা দল, আধুনিক অ্যাম্বুলেন্স ও নতুন প্রযুক্তি, যাতে জরুরি রোগীর কাছে দ্রুত পৌঁছানো যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলাচল ও ভিড়ের সূচক তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তারা জনবল ও সরঞ্জামের অবস্থান ঠিক করছে। ১৪৪৭ হিজরির হজ মৌসুমে আল্লাহর মেহমানদের উচ্চমানের সেবা দেওয়াই এর উদ্দেশ্য।
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা হাজি ও তাঁদের পরিবারের জন্য মিনা ও অন্যান্য পবিত্র স্থানে কাছাকাছি জরুরি চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা গুরুত্বপূর্ণ।


