সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আবদুল আজিজ মক্কায় মন্ত্রণালয়ের ভবনে জ্যেষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বিভাগের প্রধান ও হজ নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে ঈদুল আজহা ও ১৪৪৭ হিজরির হজের সাফল্যে অভিনন্দন জানান।
স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রেসিডেন্সি এবং সাধারণ গোয়েন্দা প্রেসিডেন্সির যেসব সদস্য হজ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, তাঁদের উদ্দেশে এ অভিনন্দন জানানো হয়।
প্রিন্স আবদুল আজিজ বলেন, এ বছরের পরিকল্পনা সব পর্যায়ে সফল হয়েছে এবং আকাশ, স্থল ও সমুদ্রপথে আগমন থেকে শুরু করে পবিত্র স্থানগুলোতে আনুষ্ঠানিকতা পালন পর্যন্ত হাজিরা নিরাপদ ও প্রশান্ত পরিবেশে তাঁদের সফর সম্পন্ন করেছেন। তিনি বলেন, বিশ্বে নানা পরিবর্তন ও চ্যালেঞ্জ সত্ত্বেও সৌদি আরবের অগ্রাধিকার হলো কোনো বৈষম্য ছাড়াই মুসলমানদের নিরাপদে হজ পালনের সুযোগ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, দুই পবিত্র মসজিদ ও হাজিদের সেবা একটি স্থায়ী জাতীয় অগ্রাধিকার, যা প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ৩০০ বছর ধরে চলে আসছে। তিনি নির্দেশনা মেনে চলার জন্য হাজি ও হজ মিশনগুলোকে ধন্যবাদ জানান এবং আগামী হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে শুরু করার ওপর জোর দেন।
বৈঠকে জননিরাপত্তা পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসসামি বলেন, হজ নিরাপত্তা অপারেশন সেন্টারের কেন্দ্রীয় ভূমিকা ও সংস্থাগুলোর সমন্বিত কাজ হাজিদের নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেছে।


