সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকতে, নিরাপদ স্থানে অবস্থান করতে, বন্যার পানি জমে এমন জায়গা ও উপত্যকা থেকে দূরে থাকতে এবং সেখানে সাঁতার না কাটতে আহ্বান জানিয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলারও অনুরোধ করা হয়েছে, কারণ আগামী শনিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র আগেই জানিয়েছিল, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, যার ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধুলা ওড়ানো দমকা হাওয়া হতে পারে। মক্কা নগরী, আল-কামিল, আল-জুমুম, বাহরা, তায়েফ, মাইসান, আদাম ও আল-আরদিয়াত এর আওতায় পড়বে, আর আল-লাইস ও আল-কুনফুজায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
কেন্দ্রটি জানায়, জাজান, আসির ও আল-বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলাঝড় হতে পারে। মদিনা, হাইল, তাবুক, আল-জাওফ ও উত্তর সীমান্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ সব বাসিন্দাকে, বিশেষ করে সড়কপথে যাতায়াতকারীদের, সরকারি সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করা উচিত।
