সৌদি আরবের ক্লাস্টার টু বিমানবন্দর গোষ্ঠী এবং প্রিন্স সুলতান অ্যাভিয়েশন একাডেমি, যা ‘সৌদিয়া একাডেমি’ নামে পরিচিত, প্রশিক্ষণ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। জেদ্দায় অ্যাভিয়েশন প্রোগ্রাম বাস্তবায়নের স্টিয়ারিং কমিটির ২১তম বৈঠকের ফাঁকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) প্রেসিডেন্ট আবদুলআজিজ বিন আবদুল্লাহ আল-দুয়াইলিজের উপস্থিতিতে এ স্মারক সই হয়। বৈঠকে সভাপতিত্বও করেন তিনি।
ক্লাস্টার টু বিমানবন্দরের পক্ষে প্রধান নির্বাহী প্রকৌশলী আলী মাসরাহি এবং সৌদিয়া একাডেমির পক্ষে প্রধান নির্বাহী ক্যাপ্টেন ইসমাইল আল-কাশি স্মারকে সই করেন।
স্মারকটি প্রশিক্ষণ ও পরিচালনা খাতে দুই প্রতিষ্ঠানের সহযোগিতার একটি সাধারণ কাঠামো নির্ধারণ করেছে। এতে বিমান চলাচল প্রকল্পে যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখা এবং স্থানীয়করণ কর্মসূচি ও সৌদি নাগরিক দক্ষ জনবল গড়ে তোলায় সহযোগিতার বিষয় রয়েছে।
এই সহযোগিতা জাতীয় অংশীদারত্ব বাড়ানো ও মানবসম্পদে বিনিয়োগে দুই পক্ষের আগ্রহের প্রতিফলন। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিমান চলাচল খাতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে, খাতটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সৌদি আরবের অবস্থান জোরদার হবে বলে জানানো হয়েছে।
এ ধরনের চুক্তি ও সমঝোতা স্মারক জাতীয় পরিবহন ও লজিস্টিকস কৌশল এবং সৌদি ভিশন ২০৩০ থেকে উদ্ভূত অ্যাভিয়েশন প্রোগ্রামের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ।

