সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে রাজ্যের বিভিন্ন অঞ্চল ও শহরের বাজার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫৯ হাজারের বেশি পরিদর্শন পরিচালনা করেছে।

কর্তৃপক্ষের সরকারি মুখপাত্র হামুদ আল-হারবি জানান, পরিদর্শক দলগুলো একাধিক বাণিজ্যিক খাতে অভিযান চালায়, যার মধ্যে খুচরা বিক্রয়, স্বর্ণ ও তামাকের দোকান উল্লেখযোগ্য।

তাঁর ভাষ্যমতে, সবচেয়ে বেশি ধরা পড়া লঙ্ঘনগুলো হলো ইলেকট্রনিক চালান না দেওয়া ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় না করা। পাশাপাশি কর সিলবিহীন তামাকজাত পণ্যও পাওয়া গেছে।

আল-হারবি বলেন, এসব পরিদর্শনের লক্ষ্য হলো প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রচলিত কর আইন মেনে চলার হার বাড়ানো, কর ন্যায্যতা নিশ্চিত করা এবং কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বিধি লঙ্ঘনকারী লেনদেন কমানো।

তিনি ভোক্তাদের জাটকার স্মার্টফোন অ্যাপের মাধ্যমে যেকোনো কর লঙ্ঘনের তথ্য জানানোর আহ্বান জানান। নির্দিষ্ট শর্তে কর্তৃপক্ষ তথ্যদাতাদের লঙ্ঘন ও জরিমানার মূল্যের ২.৫% পুরস্কার দেয়, যা সর্বনিম্ন ১,০০০ রিয়াল এবং সর্বোচ্চ ১ মিলিয়ন রিয়াল।