বাজপাখির স্বাস্থ্যসেবা কয়েকটি পরস্পর-সংযুক্ত পশুচিকিৎসা সেবার ওপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে ক্লিনিক্যাল ও ল্যাবরেটরি পরীক্ষা, এক্স-রে, হাড় ভাঙার চিকিৎসা ও পালক মেরামত, যা রোগ নির্ণয়, আঘাতের চিকিৎসা এবং ওড়ার সক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।
এই সেবা একটি নির্দিষ্ট ধাপে চলে। প্রথমে বাজপাখির তথ্য নথিভুক্ত করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এরপর অবস্থা মূল্যায়নে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় এবং ফলাফল ও পশুচিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসা ঠিক করা হয়।
পাখির একটি হাসপাতালের মালিক জানান, বাজপাখি ভর্তির সময় প্রথমে মালিকের তথ্য এবং পাখির শরীরে বসানো শনাক্তকরণ মাইক্রোচিপের নম্বর নথিভুক্ত করা হয় এবং ওজন মাপা হয়। এরপর পরীক্ষা কক্ষে নিয়ে মাইক্রোস্কোপ ও এন্ডোস্কোপ দিয়ে পরীক্ষা করা হয়।
তাঁর ভাষ্য অনুযায়ী, অচেতন করার আগে পশুচিকিৎসক নিশ্চিত হন যে বাজপাখির খাদ্যথলি খালি আছে। এরপর আইসোফ্লুরেন দিয়ে শ্বাসের মাধ্যমে অচেতন করা হয়, যাতে মুখ, গলা ও খাদ্যথলিতে প্রদাহ বা রোগের লক্ষণ পরীক্ষা করা যায় এবং রক্তের নমুনা নেওয়া যায়।
তিনি বলেন, ক্লিনিক্যাল ও ল্যাবরেটরি পরীক্ষা একে অপরের পরিপূরক। এগুলোর ফলাফলে সমস্যার ধরন বোঝা যায় এবং প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী চিকিৎসার দিক নির্ধারণ হয়।
এক্স-রে যন্ত্রের মাধ্যমে হাড়, পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্র পরীক্ষা করা হয়, আর ফ্লুরোস্কোপির সাহায্যে রড ও পেরেক দিয়ে ভাঙা হাড় জোড়া লাগানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং সেগুলোর সঠিক অবস্থান নিশ্চিত করা হয়।
হাসপাতালে ভাঙা পালক মেরামত বা ঝরে পড়া পালকের জায়গায় নতুন পালক বসানোর জন্য আলাদা একটি কক্ষও রয়েছে। সেখানে প্রতিটি পালকের ধরন, আকার ও নম্বর বিবেচনা করা হয়, যা এক বাজপাখি থেকে আরেকটিতে ভিন্ন হয়, যাতে পালক আগের অবস্থায় ফেরে এবং ওড়ার দক্ষতা ফিরে আসে।


