শুক্রবার রাতে একটি মঙ্গোলীয় স্যাকার বাজপাখির ছানার দাম উঠে থামে ১.৪ মিলিয়ন সৌদি রিয়ালে। এর মধ্য দিয়ে সৌদি আন্তর্জাতিক বাজপাখি ও শিকার প্রদর্শনী ২০২৬-এর অংশ হিসেবে চলা মঙ্গোলীয় বাজপাখি নিলামের ইতিহাসে এটি সবচেয়ে দামি বাজপাখি হয়ে ওঠে।
নিলামের পঞ্চম রাতে তিনটি স্যাকার বাজপাখি মোট ১,৬৫১,০০০ রিয়ালে বিক্রি হয়। প্রথমটি ১৫১,০০০ রিয়ালে এবং দ্বিতীয়টি ১০০,০০০ রিয়ালে বিক্রি হয়, আর তৃতীয়টির দর ১০০,০০০ রিয়াল থেকে শুরু হয়ে রেকর্ড দামে গিয়ে ঠেকে।
টানা দ্বিতীয় বছরের মতো প্রদর্শনীতে মঙ্গোলিয়া থেকে আসা বাজপাখির জন্য আলাদা অংশ রাখা হয়েছে। বড় আকার, লম্বা ডানা, সহনশক্তি এবং হালকা থেকে গাঢ় বাদামি রঙের জন্য মঙ্গোলীয় স্যাকার বাজপাখি শৌখিনদের কাছে বিশেষ আকর্ষণীয়। নিলামে সরাসরি পাখি দেখে দর হাঁকার সুযোগ থাকে।
জাতীয় বাজপাখি কেন্দ্রের আয়োজনে ‘সবার জন্য এক গন্তব্য’ স্লোগানে রিয়াদের উত্তরে মালহামের রিয়াদ প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রদর্শনীটি শনিবার শেষ হওয়ার কথা ছিল। এতে বাজপাখি পালন, শিকার, ভ্রমণ, অ্যাডভেঞ্চারসহ নানা অভিজ্ঞতার আয়োজন ছিল।


