সৌদি আরবের সমন্বিত জাতীয় অ্যাপ ‘তাওয়াক্কালনা’-এর মাধ্যমে গত সাত বছরে ৩০ বিলিয়নের বেশি কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা দৈনিক গড়ে ৮৮ মিলিয়ন। নাগরিক, প্রবাসী বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে অ্যাপটির ব্যাপক জনপ্রিয়তা এবং ডিজিটাল রূপান্তরে সৌদি ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের (সাদায়া) প্রচেষ্টার সাফল্য এতে প্রতিফলিত হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অ্যাপটিতে নিবন্ধিত ব্যবহারকারী ৩৬.৭ মিলিয়ন ছাড়িয়েছে এবং প্রতিদিন সক্রিয় ব্যবহারকারী ২.১ মিলিয়নের বেশি। তাঁরা ৩৮০টির বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের ১,৮০০টির বেশি সেবা নিচ্ছেন।
অ্যাপের ডিজিটাল ওয়ালেটে ৮০০ ধরনের বেশি ডিজিটাল কার্ড ও নথি রয়েছে, যা ৩.৬ বিলিয়নবারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া অ্যাপের মাধ্যমে ২.১ বিলিয়নের বেশি বার্তা পাঠানো হয়েছে।
নিরাপদ ও নির্ভরযোগ্য জাতীয় প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় সেবা পাওয়ার সুযোগ করে দিয়ে তাওয়াক্কালনা ডিজিটাল সেবার প্রতি আস্থা বাড়াচ্ছে। এতে কাগজের ব্যবহার ও অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন কমছে, ডিজিটাল অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং সরকারি, বেসরকারি ও অলাভজনক খাত তাদের সেবা অ্যাপে যুক্ত করতে উৎসাহিত হচ্ছে।
সেবা, কার্ড ও বার্তা এক জায়গায় পাওয়ার সুবিধা দিতে অ্যাপটি নিজের ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করে চলেছে। এটি Google Play, App Store ও AppGallery-তে পাওয়া যায়।
