সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, মদিনা মুনাওয়ারায় অবস্থিত বাদশাহ ফাহাদ পবিত্র কুরআন মুদ্রণ কমপ্লেক্স ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের ৩৩টিরও বেশি দেশ থেকে আসা পাঁচ লাখেরও বেশি দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি জানায়, এই সংখ্যা ওমরাহ যাত্রী ও মসজিদে নববীর জিয়ারতকারীদের কাছে কমপ্লেক্সটির বিশেষ গুরুত্বকে তুলে ধরে।

পরিদর্শনের সময় দর্শনার্থীরা পবিত্র কুরআন ছাপার বিভিন্ন ধাপ কাছ থেকে দেখেন এবং ডিজিটাল মুদ্রণসহ কমপ্লেক্সের আধুনিক প্রযুক্তি ও সমন্বিত কর্মপদ্ধতি সম্পর্কে জানেন। প্রতিটি প্রকাশনা যে পর্যালোচনা ও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সে বিষয়েও তাদের ধারণা দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন আকারের ও বিভিন্ন কিরাত-রেওয়ায়েতের কুরআনের সংস্করণ এবং বিশ্বের নানা ভাষায় কুরআনের অর্থের অনুবাদ সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করা হয়।

এসপিএ জানায়, কমপ্লেক্সটি সৌদি নেতৃত্বের বিশেষ তত্ত্বাবধান পেয়ে থাকে, যা পবিত্র কুরআনের সেবায় সৌদি আরবের দীর্ঘদিনের অঙ্গীকারেরই ধারাবাহিকতা। এর প্রকাশনা বিশ্বের লাখো-কোটি মুসলমানের কাছে পৌঁছায়।

কমপ্লেক্সটি সপ্তাহের প্রতিদিন সকাল ও বিকেল—দুই পালায় দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ফলে মদিনায় যাওয়া বাংলাদেশি ওমরাহ যাত্রী ও প্রবাসীরাও সফরের সময় এটি ঘুরে দেখার সুযোগ পান।