ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী আগামী ৮ থেকে ১১ নভেম্বর জেদ্দায় "মক্কা থেকে বিশ্বে" প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে। এতে ১৫টির বেশি জোন ও প্রধান কর্মসূচি থাকবে, যাতে হজ বিষয়ক অফিস ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ১৪৪৮ হিজরির হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করতে পারে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের সেবা কর্মসূচির সহযোগিতায় এটি আয়োজন করছে।

সম্মেলনে তিনটি প্রধান ট্র্যাক রয়েছে: অবকাঠামো ও পরিচালন সেবা (পরিবহন, লজিস্টিকস, সুবিধা, আবাসন ও খাবার), ক্ষমতায়ন ও সমন্বয় (নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম ও প্রযুক্তি) এবং উন্নয়ন ও টেকসইতা (অলাভজনক খাত, উদ্যোক্তা, প্রশিক্ষণ ও হাজিদের অভিজ্ঞতা)।

"হজ কাউন্সিলে" ৩২টি সেশনে ৪২ জন বক্তার সঙ্গে ২৪০০-এর বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, সঙ্গে থাকবে বিশেষায়িত কর্মশালা। প্রথমবারের মতো "সচেতনতা ও প্রশিক্ষণ ফোরাম"ও আয়োজিত হচ্ছে। উদ্ভাবন জোন, হ্যাকাথন ও প্রযুক্তি ওয়েসিসও থাকবে।

বিজনেস সেন্টারে বৈঠক ও চুক্তি স্বাক্ষর হবে, পাশাপাশি হজ বিষয়ক অফিস প্রধানদের সভাও অনুষ্ঠিত হবে। আগের আসরগুলোতে হাজিদের সেবায় ১৮৫০টির বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাস্থ্য, প্রযুক্তি, বিমান চলাচল ও গণমাধ্যম ওয়েসিসও প্রদর্শনীতে থাকছে।

৬৭ হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে প্রদর্শনীতে ১৫০টির বেশি দেশের ৫২০টির বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান অংশ নেবে। আগ্রহীদের hajjconfex.com/visitor-registration ঠিকানায় নিবন্ধনের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।