সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আন্তর্জাতিক সৌদি বাজপাখি ও শিকার প্রদর্শনী ২০২৬ বৃহস্পতিবার রিয়াদের উত্তরে মালহামে অবস্থিত রিয়াদ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। জাতীয় বাজপাখি কেন্দ্র আয়োজিত প্রদর্শনীটি ১০ অক্টোবর পর্যন্ত চলবে। 'সবার জন্য এক অভিজ্ঞতা' স্লোগানে এতে বাজপাখি, শিকার, অ্যাডভেঞ্চার, ভ্রমণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার বিস্তৃত আয়োজন রয়েছে।
জাতীয় বাজপাখি কেন্দ্রের প্রধান নির্বাহী তালাল বিন আবদুলআজিজ আল-শুমাইসি বলেন, প্রদর্শনীর পরিসর ও বৈচিত্র্য বাজপাখি খাতে নেতৃত্বের মনোযোগ ও সহায়তারই ধারাবাহিকতা, যা এই ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে। তাঁর ভাষায়, এটি বিশ্বে এ ধরনের সবচেয়ে বড় প্রদর্শনী হিসেবে বিবেচিত।
আয়োজনে রয়েছে 'ভবিষ্যতের বাজপাখি পালক', তীরন্দাজি ও এয়ারগান শুটিং, ফোর-হুইল ড্রাইভ, সামুদ্রিক মাছ শিকার, হাইকিং, লোকজ পরিবেশনা, বাজপাখির নিলাম ও কর্মশালা। ৪ থেকে ৯ অক্টোবর 'আল-মালওয়াহ' বাজপাখি দৌড় হবে, যা এ বছর ১২ রাউন্ডে উন্নীত হয়েছে; প্রতি রাউন্ডের সেরা পাঁচজনের মধ্যে মোট ৭২৩ হাজার রিয়ালের পুরস্কার দেওয়া হবে।
প্রদর্শনীতে সৌদি আরবের প্রথম ও একমাত্র অস্ত্র, গোলাবারুদ ও আনুষঙ্গিক সরঞ্জামের অঞ্চলও রয়েছে, যেখানে ১৮১টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের পাঁচ হাজারের বেশি পণ্য প্রদর্শিত হচ্ছে। এ বছর ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আত-তুরাইফ এলাকাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
প্রদর্শনী প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। রিয়াদের বিভিন্ন স্থান থেকে দিনরাত শাটল বাস চলছে; রুট ও সময়সূচি কেন্দ্রের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পাওয়া যাবে।



