সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা চেম্বার অব কমার্স বিনিয়োগ মন্ত্রণালয় ও রিয়েল এস্টেট জেনারেল অথরিটির সহযোগিতায় “অ-সৌদিদের সম্পত্তির মালিকানার বাস্তবায়ন বিধিমালা ও ভৌগোলিক অঞ্চল” শীর্ষক একটি ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে। এর উদ্দেশ্য ছিল বিনিয়োগ পরিবেশ জোরদার করা এবং এ সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে সচেতনতা বাড়ানো।

কর্মশালায় জানানো হয়, এই বিধিমালা অ-সৌদিদের সম্পত্তির মালিকানাকে একটি স্পষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসে, যা বিনিয়োগ ও বাজারের দক্ষতাকে সহায়তা করে এবং জনস্বার্থ রক্ষার শর্তগুলোও বজায় রাখে। ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে নিবন্ধন ও অর্থ পরিশোধ, এবং নিয়মপালন, তদারকি, আপত্তি ও পরিদর্শনের প্রক্রিয়াও আলোচনায় আসে।

বিধিমালার প্রধান দিকগুলোর মধ্যে রয়েছে মালিকানার যোগ্য শ্রেণি ও তাদের নিবন্ধন প্রক্রিয়া নির্ধারণ, ভৌগোলিক অঞ্চল অনুযায়ী মালিকানা নিয়ন্ত্রণ, মক্কা ও মদিনা সংক্রান্ত বিশেষ বিধান, এবং ফি, ছাড় ও বিদেশি মালিকানাধীন কোম্পানির নিয়ম।

সৌদি আরবে সম্পত্তি কেনার কথা ভাবছেন এমন প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই বিধিমালা স্পষ্ট করে দেয়, কে, কোথায় এবং কোন প্রক্রিয়ায় সম্পত্তি কিনতে পারবেন।

কর্মশালায় বলা হয়, বিনিয়োগ বৃদ্ধি, আবাসন বাজারের দক্ষতা উন্নয়ন এবং সৌদি আরবকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে এই বিধিমালা সৌদি ভিশন 2030-এর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।