সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় স্বাস্থ্য ক্লাস্টার স্তন ক্যান্সারের প্রাথমিক পরীক্ষার জন্য ৬টি স্থান নির্ধারণ করেছে। এটি "দারবুক ওয়ারদি" (আপনার পথ গোলাপি) সচেতনতা প্রচারাভিযানের অংশ, যেখানে ম্যামোগ্রাম করাতে আগ্রহী নারীদের প্রতিদিন সেবা দেওয়া হয়।

ক্লাস্টারের ভাষ্য অনুযায়ী, লক্ষ্য হলো যত বেশি সম্ভব নারীর কাছে সেবাটি পৌঁছানো এবং যেকোনো জায়গা থেকে সহজে তা পাওয়ার সুযোগ করে দেওয়া।

পরীক্ষার স্থানগুলো হলো দাম্মাম মেডিকেল কমপ্লেক্স, কাতিফ সেন্ট্রাল হাসপাতাল, জুবাইল জেনারেল হাসপাতাল, মাই আল-জাবর সেন্টার এবং কাতিফের সাইয়্যেদ আলী আল-সালমান প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এ ছাড়া একটি ভ্রাম্যমাণ ম্যামোগ্রাম ইউনিট চলতি মাসজুড়ে সাফওয়া জেনারেল হাসপাতালে থাকবে।

পরীক্ষা করাতে আগ্রহী নারীরা "সেহাতি" (Sehhaty) অ্যাপের মাধ্যমে নিকটতম কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

পূর্বাঞ্চলীয় প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারের নারীদের জন্যও এটি নিয়মিত পরীক্ষা করানোর সহজ সুযোগ, কারণ প্রচারাভিযানের মূল লক্ষ্য রোগ দ্রুত শনাক্ত করা।