এ বছর হজ পালনের জন্য প্রথম দফার হজযাত্রীরা আকাশ, স্থল ও নৌপথে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বলে জানিয়েছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। প্রথম দিনে বিমানবন্দরগুলোতে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, মালয়েশিয়া, ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০টি ফ্লাইট অবতরণ করে। যাত্রীদের প্রবেশ প্রক্রিয়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।

সৌদি নেতৃত্বের নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বোচ্চ হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আবদুল আজিজের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় এই কার্যক্রম চলছে।

মন্ত্রণালয় জানায়, প্রবেশপথগুলোতে কর্মী বাড়ানো, হজযাত্রীদের জন্য বিশেষ লেন চালু এবং অভ্যর্থনা সুবিধা প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে মাঠপর্যায়ে সমন্বয় চলছে এবং হজযাত্রীরা যাতে সহজে মক্কা ও মদিনায় তাঁদের আবাসস্থলে পৌঁছাতে পারেন, সে জন্য একাধিক ভাষায় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, এসব প্রস্তুতি শুরু হয়েছিল ১৪৪৬ হিজরির ১২ জিলহজ থেকে। লক্ষ্য হলো আগমন থেকে প্রস্থান পর্যন্ত হজযাত্রীরা যেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।