সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় মক্কা অঞ্চলে তাদের শাখা ও শাখার তথ্যপ্রযুক্তি বিভাগের মাধ্যমে বড় মসজিদ ও কেন্দ্রীয় এলাকার মসজিদগুলোতে ৫০০টি স্মার্ট স্ক্রিন স্থাপন করেছে।
১৪৪৭ হিজরির হজ মৌসুমে হাজি ও উমরাহ পালনকারীদের সেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য দিকনির্দেশনামূলক সেবা জোরদার করা।
মন্ত্রণালয় জানায়, এসব স্ক্রিনের মাধ্যমে হাজিরা দিকনির্দেশনা পাবেন এবং একাধিক ভাষায় নির্দেশিকা বই, হজসংক্রান্ত ইলেকট্রনিক অ্যাপ ও মন্ত্রণালয়ের দাপ্তরিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারবেন। এতে নির্ভরযোগ্য শরিয়াহভিত্তিক ও দিকনির্দেশনামূলক তথ্য সহজে পাওয়া যাবে।
উদ্যোগটি ডিজিটাল রূপান্তরের লক্ষ্যের অংশ, যা বিভিন্ন দেশ ও সংস্কৃতির হাজিদের চাহিদা অনুযায়ী মসজিদে দিকনির্দেশনার মান বাড়াবে। আরবি না জানা হাজিদের জন্য নিজের ভাষায় তাৎক্ষণিক তথ্য পাওয়া বিশেষভাবে সহায়ক।

